বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে তাঁর পক্ষে এই বিরল সম্মাননা গ্রহণ করেন নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকগুলো তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিতে নাতনি জাইমা রহমান রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।” নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব জাতিকে এগিয়ে নেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সব নারী নিরাপদ থাকবেন এবং সাম্য, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে খালেদা জিয়া ছাড়াও আরও পাঁচজন সংগ্রামী নারীকে তাঁদের স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন—
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: নুরুন নাহার আক্তার
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: মোছা. ববিতা খাতুন
সফল জননী: নুরবানু কবীর
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন
বাংলাফ্লো/এফআইআর






