বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বশত্রুতার জেরে মো. রাকিব (২৫) নামের এক যুবককে গুলি করে ও ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাধারণ পথচারীরা।
নিহত রাকিব রাজধানীর শিববাড়ী স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে। তাঁকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান নামের এক যুবক ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তিন-চারজন যুবক শহীদ মিনারের ওপর রাকিবকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ওসেকে তাঁর মৃত্যু হয়। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলাফ্লো/এফআইআর






