বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মগবাজারে এক হৃদয়বিদারক ঘটনায় সিয়াম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ছুড়ে মারা একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।
মগবাজারের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। ফারুক চা স্টলের মালিক ও প্রত্যক্ষদর্শী ফারুক জানান, সিয়াম তার দোকানে চা খেতে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তেই ওপর (ফ্লাইওভার) থেকে একটি ককটেল নিচে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। ককটেলটি সম্ভবত সরাসরি সিয়ামের মাথায় বা তার খুব কাছে পড়েছিল। ফারুক বলেন, “বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথার মগজ বেরিয়ে যায়।”
নিহত সিয়ামের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। জীবিকার তাগিদে তিনি মগবাজারে থাকতেন এবং জাহিদ কার ডেকোরেশন নামক একটি দোকানে কাজ করতেন। সিয়ামের ছোট ভাই সিজান জানান, দোকান থেকে নাস্তা কিনবে বলে ভাই বেরিয়েছিল। চায়ের দোকানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই এই নৃশংস ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ফ্লাইওভার থেকে কে বা কারা এই শক্তিশালী ককটেলটি নিক্ষেপ করেছে, তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে।” ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






