জেলা প্রতিনিধি
বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিগত ৫৩ বছরের শাসকদের তীব্র সমালোচনা করে বলেছেন, “পুরান বউকে নতুন শাড়িতে ঘোমটা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। কারণ ঘোমটা উঠালে দেখা যাবে সেই পুরান বউ। এই ধোঁকা আর বাংলাদেশে চলবে না।” তিনি অভিযোগ করেন, গত ৫৩ বছরের ইতিহাসে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে মাহফিলের দ্বিতীয় দিনে উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, “সে বলেছিল হাসিনা পালায় না। ওরে গর্ব, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। বুঝা গেল আল্লাহর মাইর আলমের বাহির।” তিনি বলেন, আল্লাহ এক জালেম ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের ওপরে ফ্যাসিস্ট চাপিয়ে দেবেন না।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। মা চিৎকার করে কাঁদছে। সেই চিৎকার এখনো আমাদের কানে ভাসছে।”
সমাবেশে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতিতে চরমোনাই পীর বলেন, “আজকে আল্লামা খালিদ হুজুর বলেছেন- ৫৪ বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে।”
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, হবোও না। ফলে মন্ত্রী হওয়ারও কোনো প্রশ্ন আসে না। আল্লাহর কসম করে বলছি, কোনো স্বার্থের জন্য দৌড়াচ্ছি না। দেশকে ভালোবেসেই এই প্রচেষ্টা।”
সমাবেশে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






