মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর টানা চার ম্যাচে হারলেও সেমিফাইনালে খেলার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি নিগার সুলতানা জ্যোতিদের। তবে শেষ চারে জায়গা করতে টিম টাইগ্রেসকে বাকি দুই ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাঁচা-মরার লড়াই।
আসরে এপর্যন্ত ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এবং ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি দুটি স্থানের জন্য লড়াই চলছে কয়েকটি দলের মধ্যে।
৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এমন বাস্তবতায়, সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেস দলের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে।
বাংলাদেশের সেমিফাইনালে ওঠার রাস্তাটি বেশ কঠিন। লিগ পর্বের শেষ দুটি খেলা শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। এই দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের। যদি জ্যোতিরা শেষ দুই ম্যাচে জেতেন, পয়েন্ট হবে ৬। এর সাথে যদি এমনট ঘটে যে, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায়, নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড, এই তিন দলের পয়েন্টই দাঁড়াবে সমান ৬ করে।
এই পরিস্থিতিতে সেমিফাইনালের টিকিট কাটবে নেট রানরেটে এগিয়ে থাকা দলটি। বর্তমানে এই তিন দলের মধ্যে বাংলাদেশই নেট রানরেটে সবচেয়ে পিছিয়ে আছে। ফলে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নেট রানরেট সুবিধাজনক অবস্থানে নিতে হবে নিগার সুলতানাদের।


