তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: মহাকাশপ্রেমীদের জন্য আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিশেষ দিন। বছরের প্রথম সুপারমুনের দেখা মিলতে যাচ্ছে আজ। এদিন রাতের আকাশে চাঁদকে স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখা যাবে। বিবিসি ও জ্যোতির্বিদদের তথ্যমতে, এটি ২০২৬ সালের তিনটি সুপারমুনের মধ্যে প্রথমটি।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে (পূর্ণিমা) পৌঁছাবে। তবে দিনের আলো থাকায় তখন এটি স্পষ্টভাবে বোঝা যাবে না। সন্ধ্যা নামার পরপরই পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে বিশাল এক উজ্জ্বল গোলকের। আজ চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৬২ হাজার ৩১২ কিলোমিটার দূরে অবস্থান করবে। বিজ্ঞানের ভাষায় চাঁদের এই নিকটতম অবস্থানকে বলা হয় ‘পেরিজি’।
আজকের এই সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সুপারমুনের যে ধারাবাহিকতা চলছিল, আজকের এই ‘উলফ মুন’-এর মাধ্যমে তার সমাপ্তি ঘটবে।
জানুয়ারি মাসের এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ (Wolf Moon) নামে পরিচিত। এছাড়াও একে ‘কোল্ড মুন’ বা ‘হার্ড মুন’ও বলা হয়। কনকনে শীতের রাতে নেকড়েরা খাবারের অভাবে বা সঙ্গীদের ডাকার জন্য চাঁদের দিকে তাকিয়ে ডাকত বলে প্রাচীনকালে এর এমন নামকরণ করা হয়েছিল।
চলতি বছর আরও দুটি সুপারমুন দেখা যাবে, যা হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে। তাই বছরের শুরুর এই মনোমুগ্ধকর দৃশ্য মিস না করার আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।
বাংলাফ্লো/এফআইআর






