বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রে নতুন ইতিহাস সৃষ্টি করল ‘পিনিক’ সিনেমা। প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র ‘এক টেকে’ (Single Take) সম্পন্ন করে রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোম্যান্টিক গানটির মাধ্যমেই শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। পরিচালক জাহিদ জুয়েলের অভিনব পরিকল্পনায় এবং কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় এই চ্যালেঞ্জিং কাজটি সফলভাবে সম্পন্ন হয়।
শুটিংয়ের নেপথ্য গল্প জানাতে গিয়ে সংশ্লিষ্টরা বলেন, মূল শুটিংয়ের আগে দিনভর কঠোর মহড়া করেন শিল্পীরা। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টার প্রচেষ্টায় গানটি ধারণ করা হয়। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় কোনো কাট ছাড়াই গানটি ক্যামেরাবন্দি হয়েছে। সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান দাবি করেন, দেশীয় সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান। এই অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন বুবলী।
ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট প্রযোজিত নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার ও অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। জাহিদ আকবরের লেখা ও শান্ত শানের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। সিনেমাটি সেন্সর বা সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের জন্য আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাফ্লো/এফআইআর






