স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্রাইস্টচার্চ টেস্টের সেই রোমাঞ্চকর ড্রয়ের স্মৃতি ফিকে হয়ে গেল ওয়েলিংটনে। বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না স্বাগতিক নিউজিল্যান্ড। পেসার জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র তিন দিনেই ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
ম্যাচের তৃতীয় দিন (শুক্রবার) ২ উইকেটে ৩২ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ৪১ রানে পিছিয়ে ছিল। কিন্তু জ্যাকব ডাফি ও মাইকেল রাইয়ের তোপে মাত্র ৩৬.২ ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯৬ রান যোগ করে ১২৮ রানেই অলআউট হয় তারা। কাভেম হজ সর্বোচ্চ ৩৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন, যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। এছাড়া মাইকেল রাই নেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পাওয়া নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৪ রানের। অধিনায়ক টম ল্যাথাম (৯) দ্রুত ফিরলেও ডেভন কনওয়ে (২৮*) এবং কেইন উইলিয়ামসন (১৬*) অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়। জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৭৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। মিচেল হেই ৬১ এবং ডেভন কনওয়ে ৬০ রান করেন। চোটের কারণে ব্লেয়ার টিকনার ছিটকে যাওয়ায় একজন বোলার কম নিয়েই বল করতে হয়েছে স্বাগতিকদের, তবুও দাপট কমেনি তাদের।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। আগামী ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
বাংলাফ্লো/এফআইআর






