চতুর্থ দিন শেষে জয়ের পথটা প্রায় পরিষ্কারই করে ফেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের জন্য সিরিজের দ্বিতীয় টেষ্টে পঞ্চম তথা শেষদিনে শুভমন গিলের দলের প্রয়োজন ৫৮ রান, হাতে ৯ উইকেট। জন ক্যাম্পবেল এবং শাই হোপের ২৯৫ বলে ১৭৭ রানের জুটিতে ফলোঅন থেকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে লড়ে তারা যদিও ভারতকে কেবল ১২১ রানের লক্ষ্য দিতে পেরেছে।
দিল্লিতে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ১৩৪.২ ওভারে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। দ্বিতীয় দিনে ব্যাট শুরু করে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত লড়ে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলোঅনে পড়ে লড়াই করে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে থামে উইন্ডিজ। ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান।
ওপেনার জন ক্যাম্পবেল ৮৭ এবং শাই হোপ ৬৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে খেলতে নামেন। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছিল চেজের দল।
দ্বিতীয়বার ব্যাটে নেমে তৃতীয় দিনে শুরুটা ভালো করতে পারেনি ক্যারিবীয় দল। ১৭ রানে আউট হন ওপেনার তেজনারায়ণ চন্দরপল, ৩০ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান। ৩৫ রানে অ্যালিক অ্যাথানাজে ১৭ বলে ৭ করে আউট হন। ক্যাম্পবেল এবং হোপের জুটি ভাঙে ২১৪ বলে ১০৩ রান করে হোপের আউটের পর। ক্যাম্পবেল ১৯৯ বলে ১১৫ করে যান। রোস্টন চেজ করেন ৭২ বলে ৪০ এবং জাস্টিন গ্রেভস ৮৫ বলে অপরাজিত থাকেন ৫০ রানে।
ভারতের হয়ে কূলদীপ যাদব এবং জাসপ্রিত বুমরাহ নেন ৩টি করে উইকেট। সিরাজ পান ২টি উইকেট। রবীন্দ্র জাদেজা এবং সুন্দর পান একটি করে উইকেট।
একশ পেরোনো লক্ষ্যের জবাবে ব্যাটে নেমে জয়ের দিকে এগোচ্ছে ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশ্বী জয়সওয়াল আউট হন ৭ বলে ৮ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে লোকেশ রাহুল এবং সাই সুদর্শন গড়েন ৯৯ বলে ৫৪ রানের জুটি। দিন শেষে রাহুল ৫৪ বলে অপরাজিত ২৫ রানে এবং সুদর্শন ৪৭ বলে অপরাজিত আছেন ৩০ রানে।
ক্যারিবীয়দের জোমেল ওয়ারিকেন একটি উইকেট নেন।


