স্পোর্টস ডেস্ক
ঢাকা: আজ ২৫ ডিসেম্বর, বিশ্বজুড়ে আনন্দের বড়দিন। কিন্তু এই উৎসবের দিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কণ্ঠে শোনা গেল বিষাদের সুর। সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি স্মরণ করলেন সাম্প্রতিক সহিংসতা ও নৃশংসতায় এতিম হওয়া এবং প্রাণ হারানো শিশুদের কথা। তার এই বার্তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
সাকিব তার আবেগঘন পোস্টে দেশের সাম্প্রতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত সুনির্দিষ্ট কিছু পরিবার ও শিশুর কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন:
রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু।
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু।
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশ ও গোপালগঞ্জের দীপ্ত সাহার এতিম সন্তান।
ওসমান হাদির ছোট্ট শিশু।
লক্ষ্মীপুরের নিহত শিশু আয়শা এবং মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া।
সাকিব আল হাসান প্রশ্ন তুলেছেন সমাজের বিবেক ও দায়িত্ববোধ নিয়ে। তিনি লিখেছেন, “ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না—তবুও ওদের জীবন দিতে হয়েছে!” তিনি শঙ্কা প্রকাশ করেছেন, এই এতিম শিশুদের ভবিষ্যৎ যেন দুর্বিষহ না হয়, সেই দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে।
আগামীর জন্য আহ্বান: সাকিব সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমরা কি সঠিক দায়িত্বশীল আচরণ করছি? তিনি আগামী প্রজন্মকে ‘আগামী গড়বার কারিগর’ হিসেবে উল্লেখ করে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন। বড়দিনের উৎসবের মাঝে সাকিবের এই বার্তা মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে।
বাংলাফ্লো/এফআইআর






