বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রের সীমানার ভেতরে লাইনে দাঁড়িয়েছেন, তাদের সবার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোর কার্যক্রম চলবে। এরপরই শুরু হবে ভোট গণনা।
কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে বিএনপি (২৯১), ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৮), জামায়াতে ইসলামী (২২৯), জাতীয় পার্টি (১৯৮) এবং জাতীয় নাগরিক পার্টি (৩২) উল্লেখযোগ্য। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোট হয়েছে। ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ সদস্য এবং পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছেন।
বাংলাফ্লো/এফআইআর




