জেলা প্রতিনিধি
যশোর: যশোরের শার্শায় এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাতিপাড়া মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন আল-আমিন। তিনি বারিপোতা গ্রামের বাসিন্দা এবং নাভারণের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল-আমিন বারিপোতা গ্রামে একটি চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন। প্রতিদিনের মতো চেম্বার বন্ধ করে তারাবির নামাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাতিপাড়া হাইস্কুলের সামনে ‘তারের বেড়া’ নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ-আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর



