বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণি সুপারস্টার জুটি বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে এই তারকা জুটির বিয়ে সম্পন্ন হয়েছে। সকালে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও, সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবারের ঐতিহ্যবাহী কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতিগুলো পালন করা হবে।
‘বিরোশ’ (বিজয়-রাশমিকা) জুটির বিয়ের আকর্ষণীয় মুহূর্তগুলো:
পুষ্পা ২ গানে রাশমিকার চমক ও কে-ড্রামা থিম: গতকাল বুধবার বিয়ের আগের রাতে আয়োজিত জমজমাট সংগীত অনুষ্ঠানে হবু বর বিজয়কে রীতিমতো চমকে দেন রাশমিকা। নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২ : দ্য র্যুল’-এর ‘অঙ্গারোঁ’ গানে নেচে তিনি বিজয় ও উপস্থিত অতিথিদের উচ্ছ্বাসে ভাসান। এছাড়া রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত হওয়ায় তাদের প্রি-ওয়েডিং আয়োজনে ছিল ‘কে-ড্রামা থিম’। সেখানে বিজয়ও রাশমিকাকে চমকে দিতে ‘গ্যাংনাম স্টাইলে’ নাচেন।
বিলাসবহুল ও একান্ত ঘরোয়া আয়োজন: উদয়পুরের আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি হোটেলসের ‘দ্য মেমেন্টোস’-এ বসেছিল এই বিয়ের আসর। ব্যক্তিগত পরিসর বজায় রাখতে ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। বিয়ের আগে পুল পার্টি, ওয়াটার ভলিবল ও ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছিল।
মিষ্টি বিতরণ ও আগামী রিসেপশন: বিয়ের পর নবদম্পতির পক্ষ থেকে ভেন্যুর বাইরে উপস্থিত পাপারাজ্জি ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, যেখানে মিষ্টির বাক্সের ওপর রাশমিকার ছবি ছিল। উদয়পুরে রাজকীয় এই বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে ইন্ডাস্ট্রির নামীদামি তারকারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সুপারহিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ জুটি বাঁধার পর থেকেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যা আজ পূর্ণতা পেল।
বাংলাফ্লো/এম এইচ এইচ






