বিনোদন ডেস্ক
ঢাকা: রিচার্ড ডোনারের কালজয়ী সিনেমা ‘সুপারম্যান’-এ লেক্স লুথরের প্রেমিকা ‘মিস টেশমাচার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। গত সোমবার (২৩ মার্চ) ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার মনোনীত এই তারকা। চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে ভ্যালেরির শরীরে পারকিনসন রোগ শনাক্ত হয়। দীর্ঘদিন ধরে তিনি এই জটিল রোগে ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে তাঁর এই কঠিন লড়াই নিয়ে নির্মাতা স্টেসি সাউদার ২০১৯ সালে ‘ভ্যালেরি’ শিরোনামে ৪৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন।
লাস ভেগাসের শো-গার্ল হিসেবে ক্যারিয়ার শুরু করা ভ্যালেরির জীবন ছিল মর্মান্তিক সব ট্র্যাজেডিতে ঘেরা। তাঁর এক বাগদত্তা দুর্ঘটনাবশত নিজের বুকেই গুলি চালিয়ে মারা যান। এরপর লস অ্যাঞ্জেলেসে এসে প্রখ্যাত হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও, দুর্ভাগ্যবশত ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সেব্রিং।
লস অ্যাঞ্জেলেসের এক ডিনার পার্টিতে একজন ট্যালেন্ট এজেন্টের নজরে পড়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর ১৯৭৪ সালে বব ফস পরিচালিত ‘লেনি’ সিনেমায় লেনি ব্রুসের স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।
১৯৭৩ সালে ‘স্টিমবাথ’ নামক নাটকে অভিনয়ের মাধ্যমে মার্কিন টেলিভিশনে প্রথম অভিনেত্রী হিসেবে সাহসী উপস্থিতির জন্য তিনি সে সময় ব্যাপক আলোচিত হয়েছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ




