বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ‘বড়া পাও গার্ল’ খ্যাত চন্দ্রিকা দীক্ষিত ফের শিরোনামে উঠে এসেছেন। তবে এবার কোনো ব্যবসায়িক বিবাদ বা রাস্তার ধারের ঝামেলা নয়, বরং স্বামী যুগম গেরার বিরুদ্ধে পরকীয়া ও প্রতারণার গুরুতর অভিযোগ এনে নিজের ব্যক্তিগত জীবনের অশান্তি প্রকাশ্যে এনেছেন তিনি। সম্প্রতি কান্নাজড়িত কণ্ঠে শেয়ার করা এক ভিডিওতে চন্দ্রিকা দাবি করেন, গত দুই মাস ধরে তিনি একাই সংসার, সন্তান ও ব্যবসা সামলাচ্ছেন এবং তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। ভিডিওতে তিনি স্বামী ও অন্য এক নারীর ছবি দেখিয়ে অভিযোগ করেন, তার স্বামী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং কাজের ক্ষমতাও কেড়ে নিচ্ছে।
চন্দ্রিকার এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ভিডিও বার্তা দিয়ে মুখ খুলেছেন স্বামী যুগম গেরা। ভিডিওতে তিনি নিজের ভুলের কথা আংশিক স্বীকার করলেও দাবি করেন, বিষয়টিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তিনি চন্দ্রিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দেন, আজকের চন্দ্রিকার সাফল্যের পেছনে তার বড় অবদান রয়েছে। যুগম দাবি করেন, চন্দ্রিকা বর্তমানে যে রেস্তোরাঁ চালাচ্ছেন, তা গড়তেও তার ভূমিকা ছিল। ক্যাপশনে তিনি আরও ঝাঁজালো সুরে লেখেন, ‘তোমাকে আমিই তৈরি করেছি, এটা মনে রেখো।’ দিল্লির রাস্তার ধারের সাধারণ বিক্রেতা থেকে তারকা বনে যাওয়া এই দম্পতির এমন কাদা ছোড়াছুড়ি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
বাংলাফ্লো/এম এইচ এইচ






