বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় আস্ত একটি মাদকের ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি উত্তরার ১০ নম্বর সেক্টরের লাইলা গার্ডেন এলাকার একটি বাড়িতে হানা দেয় এবং সেখানে গোপনে মাদক প্রস্তুত করার এই ল্যাবটি আবিষ্কার করে।
উদ্ধার করা ল্যাবটি ছিল অত্যন্ত সুসংগঠিত। সেখান থেকে কিটামিন উৎপাদনের বিপুল পরিমাণ সরঞ্জাম, কাঁচামাল এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রস্তুতকৃত কিটামিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই আবাসিক এলাকায় এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে।
গুরুত্বপূর্ণ এই অভিযানে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাফ্লো/এফআইআর




