যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কর্মসংস্থান অনুমতির স্বয়ংক্রিয় নবায়ন সুবিধা বন্ধ করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর ২০২৫ বা এর পর যারা তাদের কর্মসংস্থান অনুমতি নবায়নের আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা পাবেন না।
এনডিটিভি জানিয়েছে, বুধবার ২৯ অক্টোবর এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানায়, ৩০ অক্টোবর ২০২৫ থেকে যারা কর্মসংস্থানের অনুমতি নবায়নের আবেদন করবেন, তাদের আর স্বয়ংক্রিয়ভাবে অনুমতি নবায়ন করা হবে না। তবে ওই তারিখের আগে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন পাওয়া আবেদনগুলো কার্যকর থাকবে।
ডিপার্টমেন্টের ব্যাখ্যায় বলা হয়, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিবাসীদের আরও ঘন ঘন যাচাই–বাছাই ও পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দফতরের পরিচালক জোসেফ এডলো বলেন, যুক্তরাষ্ট্রে কাজ করা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। তাই এই পদক্ষেপকে আমরা সাধারণ জ্ঞানের প্রয়োগ বলেই মনে করি।
এই পদক্ষেপের ফলে বাইডেন প্রশাসনের সময় চালু থাকা আগের নিয়মটি বাতিল হলো। সেই নিয়মে অভিবাসীরা তাদের কর্মসংস্থান অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৫৪০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ চালিয়ে যেতে পারতেন, যদি— নবায়নের আবেদন সময়মতো করা থাকত, সংশ্লিষ্ট বিভাগ স্বয়ংক্রিয় নবায়নের যোগ্যতা নির্ধারণ করত, এবং পূর্ববর্তী ক্যাটাগরি ও নতুন আবেদনকৃত ক্যাটাগরি এক থাকত।
তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম থাকবে, যেমন আইন দ্বারা নির্ধারিত বা অস্থায়ী সুরক্ষা মর্যাদা সংশ্লিষ্ট কর্মসংস্থান নথির ক্ষেত্রে। মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ১৮০ দিন আগে নবায়নের আবেদন করার জন্য বলা হয়েছে। দেরিতে আবেদন করলে কর্মসংস্থান অনুমতি বা নথির মেয়াদে সাময়িক বিরতি ঘটতে পারে।


