শিক্ষা ডেস্ক
ঢাকা: আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও ব্যবসায়িক (বি১/বি২) ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা অনুমোদিত হলে আবেদনকারীকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের বার্তায় স্পষ্ট করা হয়েছে, এই নতুন নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। এফ (F) বা এম (M) ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোনো ভিসা বন্ড লাগবে না। বন্ডের শর্তটি কেবল ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১/বি২ ভিসার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সতর্কতা হিসেবে দূতাবাস জানিয়েছে, ভিসার সাক্ষাৎকারের আগে যেন কেউ বন্ডের অর্থ পরিশোধ না করেন। আগাম অর্থ পরিশোধ ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের প্রতারণামূলক ওয়েবসাইটের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্তাবলি ঠিকঠাক মেনে চললে বন্ডের জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত কার্যকর হবে না।
বাংলাফ্লো/এফআইআর






