আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: চলমান মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর তেল রপ্তানি বন্ধের হুমকির পর ট্রাম্প এই কড়া পাল্টা হুঁশিয়ারি দিলেন।
সিবিএস নিউজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’। যুক্তরাষ্ট্র সেখানে আরও অনেক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।
আইআরজিসির এই হুমকির জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তেহরানকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও ভয়াবহ হামলার সম্মুখীন হতে হবে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
বাংলাফ্লো/এফআইআর




