মার্কিন সরকার ৫০ জনেরও বেশি মেক্সিকান রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। এই পদক্ষেপটিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদকচোরাচালান ও তার সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে শক্ত কৌশল হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দুই জন মেক্সিকান কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি সীমিত সংখ্যক কেসের মাধ্যমে প্রকাশ্যে আসলেও, ভিসা বাতিলের ঘটনা পূর্বের তুলনায় অনেক বিস্তৃত বলে জানানো হয়েছে।
সাবেক মার্কিন দূতরা বলছেন, আগেও এমন ভিসা বাতিল হয়েছে, কিন্তু এবার যেই পরিমাণটি হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে এবং এটি নীতিগত লক্ষ্য অর্জনের জন্য কূটনৈতিক হাতিয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে।
রয়টার্সকে উদ্ধৃত করে বলা হয়েছে, মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা দলের অন্তত ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ এবং অন্যান্য দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাও এই তালিকায় পড়েছেন—যার ফলে মেক্সিকোর রাজনীতিতে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই তালিকার সবগুলো নাম প্রকাশ পায়নি। তবে এর মধ্যে বাজা ক্যালিফোর্নিয়ার গভর্নর মারিনা দেল পিলার আভিলা রয়েছেন, যদিও তিনি মাদক সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন।
মার্কিন প্রশাসন সাধারণত কারও ভিসা বাতিলের প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করে না। তবে এই ধরনের পদক্ষেপ দু-পক্ষের কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতায় জটিলতা সৃষ্টি করতে পারে। এখন পর্যন্ত ভিসা বাতিলের বিষয়ে মেক্সিকো সরকার বা যুক্তরাষ্ট্রি স্টেট ডিপার্টমেন্ট উভয় পক্ষ থেকে সব বিবরণ সরাসরি প্রকাশ করা হয়নি এবং বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া চলছে।


