বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গঠনের পরপরই বিতর্কের মুখে পড়ল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’। সংগঠনটির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ‘ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপে’র কারণে পদত্যাগ করছেন বলে জানান।
তবে, ঐশী জামান গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, তিনি কমিটিতে থাকতেই চাননি, তাঁর অমতেই তাঁকে পদ দেওয়া হয়েছিল। অন্যদিকে, জেলা শাখার আহ্বায়ক এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে ঐশী জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে তাঁর পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে তিনি সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
পরে গণমাধ্যমে তিনি বলেন, “কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা- এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন আমি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলাম। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়।” তিনি জানান, আজই (শনিবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন গণমাধ্যমে বলেন, “ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও জানান, “ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।”
বাংলাফ্লো/এফআইআর






