আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মাত্র দুই বছর বয়সে শিশুরা যখন খেলনা বা কার্টুন নিয়ে ব্যস্ত থাকে, তখন ইংল্যান্ডের ম্যানচেস্টারের জুড ওউনস ব্যস্ত স্নুকার বোর্ডের সবুজ গালিচায়। হাতে ফিডারের বদলে স্নুকার কিউ (লাঠি) তুলে নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই খুদে বিস্ময়। মাত্র দুই বছর বয়সেই দুটি কঠিন ‘ট্রিক শট’ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জুড। গত ২৮ জানুয়ারি গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
পিপল ডটকমের তথ্য অনুযায়ী, জুডের বাবা লুক ওউনস ছেলের জন্য একটি ছোট পুল টেবিল কিনেছিলেন। উচ্চতায় ছোট হওয়ায় শুরুতে বার স্টুল এবং পরে রান্নাঘরের টুলের ওপর দাঁড়িয়ে খেলা শুরু করে জুড। বাবার শেয়ার করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার প্রতিভা সবার নজরে আসে। জুড প্রথম রেকর্ডটি গড়ে ২০২৫ সালের ৩১ আগস্ট, যখন সে সবচেয়ে কম বয়সী হিসেবে ‘ডাবল পট’ (এক শটে দুটি বল পকেটস্থ করা) করে। এর মাত্র ৪১ দিন পর, ১২ অক্টোবর ‘ব্যাংক শট’ (বল দেয়ালে ধাক্কা খাইয়ে পকেটে ফেলা) দিয়ে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি নিজের করে নেয় সে।
জুডের বাবা নিজেও ১০ বছর বয়স থেকে স্নুকার খেলেন, তবে তিনি স্বীকার করেছেন ছেলের প্রতিভা তার চেয়েও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, ‘এত কম বয়সে জুডের প্রতিভা সত্যিই বিশেষ কিছু। গিনেস পরিবারে তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’
বাংলাফ্লো/এফআইআর






