শিক্ষা ডেস্ক
ঢাকা: তরুণ বিজ্ঞানীরাই দেশের ভবিষ্যৎ নির্মাতা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশাল জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারাই দেশের উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের কথা উল্লেখ করে তিনি জানান, এআই এখন আর কল্পবিজ্ঞান নয়; এটি স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে এর দ্রুত বিকাশ কর্মসংস্থান, নৈতিকতা ও ডেটা নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এআই-ভিত্তিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইউজিসির গবেষণা ইকোসিস্টেম শক্তিশালী করার কথা তুলে ধরেন ড. মামুন। তিনি গবেষক ও বিজ্ঞানীদের ইউজিসি পরিচালিত হিট (HEAT), আইসিএসইটিইপি (ICSETEP) প্রকল্প এবং বিডিরেন (BdREN)-এর সুবিধাগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেনসহ অ্যাকাডেমির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বাংলাফ্লো/এফআইআর






