আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে চলমান ইরান যুদ্ধ নিয়ে গুজব ও এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গতকাল রোববার (১৫ মার্চ) রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা রয়েছেন।
আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম (AI-generated) ভিডিও কনটেন্ট ছড়ানোর সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং দেশের সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার হীন উদ্দেশ্যেই তাঁরা এই কাজ করছিলেন।
গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধি অনুযায়ী, কারও বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে তাঁর কমপক্ষে ১ বছরের কারাবাস এবং ১ লাখ (দিরহাম) জরিমানার বিধান রয়েছে।
আমিরাত সরকার এ ধরনের সাইবার অপরাধকে শুধু অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, বরং সরাসরি জাতীয় নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করে।
বাংলাফ্লো/এফআইআর






