আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড়সড় নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে (Nvidia) চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানি করার অনুমতি দিয়েছেন। গত সোমবার ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জাতীয় নিরাপত্তা এবং চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কায় উন্নত চিপ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ট্রাম্প সেই নীতি থেকে সরে এসেছেন। তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, আগের নীতি মার্কিন কোম্পানিগুলোকে কম ক্ষমতাসম্পন্ন চিপ তৈরিতে বাধ্য করেছিল, যা যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী গতি কমিয়ে দিয়েছে এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ট্রাম্প জানান, এনভিডিয়া তাদের এইচ২০০ (H200) চিপ চীনে রপ্তানি করতে পারবে, তবে তা ‘শক্তিশালী জাতীয় নিরাপত্তা বজায় রাখার শর্তে’ হতে হবে। এছাড়া চীনে বিক্রিত চিপ থেকে ২৫ শতাংশ অর্থ যুক্তরাষ্ট্রে প্রদান করার শর্তও রাখা হয়েছে, যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। এই নীতি এএমডি (AMD) এবং ইনটেল-এর মতো অন্য বড় কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এনভিডিয়ার মুখপাত্র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের চিপ শিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং উচ্চ বেতনের চাকরি নিশ্চিত করবে।
অনুমতি দিলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এনভিডিয়ার সবচেয়ে আধুনিক ‘ব্ল্যাকওয়েল’ ও ‘রুবিন’ চিপ এই চুক্তির আওতার বাইরে থাকবে এবং সেগুলো শুধুমাত্র মার্কিন গ্রাহকদের জন্যই সংরক্ষিত থাকবে। এইচ২০০ চিপ বর্তমানের সর্বাধুনিক চিপের তুলনায় প্রায় ১৮ মাস পুরনো প্রযুক্তির।
ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ চীনের সামরিক শক্তি দ্রুত বাড়াতে সহায়তা করবে এবং প্রযুক্তিগত খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে দুর্বল করে দেবে।
বাংলাফ্লো/এফআইআর






