বিনোদন ডেস্ক
ঢাকা: রাজনীতির মাঠের পর এবার কি হলিউড ও ওটিটি দুনিয়াতেও নিজের প্রভাব বিস্তার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মধ্যকার ঐতিহাসিক একীভূতকরণ চুক্তির পরপরই প্রতিষ্ঠান দুটির বন্ড বা ঋণপত্র কিনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক আর্থিক বিবরণী সূত্রে হলিউড রিপোর্টার জানিয়েছে, ট্রাম্প নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স—উভয় কোম্পানি থেকে অন্তত ৫ লাখ ডলার করে মোট ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) সমমূল্যের বন্ড কিনেছেন। নেটফ্লিক্স কর্তৃক ৮ হাজার ৩০০ কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নেওয়ার ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই, গত ১২ ও ১৬ ডিসেম্বর দুই দফায় এই বিনিয়োগ করেন তিনি। কেনা বন্ডগুলোর মেয়াদ ২০২৯ ও ২০৩০ সালে শেষ হবে।
তবে হোয়াইট হাউসের দাবি, এটি ট্রাম্পের ব্যক্তিগত কোনো বাছ-বিচার নয়। বরং এটি একটি ‘স্বয়ংক্রিয় বিনিয়োগ পদ্ধতি’, যেখানে পেশাদার ব্যবস্থাপকরা বাজারের শীর্ষ কোম্পানিগুলোর তালিকা বা সূচক অনুসরণ করে বিনিয়োগ করে থাকেন। যেহেতু নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স বাজারের বড় অংশীদার, তাই স্বাভাবিক প্রক্রিয়ায় এই বিনিয়োগ হয়েছে। বিবরণীতে আরও দেখা গেছে, শুধু মিডিয়া জগত নয়; জেনারেল মোটরস, বোয়িং, মেসিস এবং ভিক্টোরিয়াস সিক্রেটের মতো জায়ান্ট কোম্পানি এবং সরকারি মিউনিসিপ্যাল বন্ডেও ট্রাম্পের বিনিয়োগ রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






