আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের উসকে দিয়ে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘সহায়তা আসছে’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। তবে ‘সহায়তা’ বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান এবং নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের চড়া মূল্য দিতে হবে।’ তিনি আরও ঘোষণা করেন, বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘সহায়তা আসছে। মিগা (MIGA)!!!’।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ইরানের বিষয়ে ‘অনেক বিকল্প’ বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক বিমান হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তিনি এও উল্লেখ করেন, কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ।
এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প নতুন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্ত থেকে ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।’
ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সহিংস রূপ নিয়েছে। তবে ইরান সরকারের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






