ছোটপর্দায় এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। অল্প কয়েক বছরে অভিনয় দিয়ে তিনি হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রীকে নিয়ে বেশ মাতামাতি দেখা যায় নাটকের দর্শকদের মধ্যে।
সম্প্রতি ছোটপর্দা থেকে মেহজাবীন, সাবিলা নূর, ফারিণ, তানজিন তিশারা সিনেমা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তটিনীকে সিনেমায় দেখতে চান অনেকেই।
ইতোমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও তিনি হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন। নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে করতে আরও সময় নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে তটীনি বলেন, এখন মন দিয়ে নাটক করছি। আরও অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসবো আমি চাই মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।
”শুরু থেকে আমি ডিরেক্টর, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প এবং স্ক্রিপ্ট, সংলাপ। কারণ, এগুলো ভালো হলে দিনশেষে কাজটা ভালো হয়।”
অভিনয়ের পাশাপাশি দর্শকদের কাছে তটিনী সুহাসিনী হিসেবে পরিচিত। এই সময়ে তাকে যেমন ব্যস্ত থাকার কথা, সেই হিসেবে তুলনামূলক কম নাটকে কাজ করেন তিনি। তটিনীর বিশ্বাস, কাজ কম হোক কিন্তু সেই কম কাজের কোয়ালিটি বজায় থাকুক।
তিনি বলেন, কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিক খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরও বাড়বে। তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।


