শাকিব খানকে নিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’ বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। যার নাম রেখেছেন ইজহান ফাহির খান।
সোমবার সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান। নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থতার কথা নিশ্চিত করেছেন তপু খান।
এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও তার সক্রিয় উপস্থিতি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর নির্মিত আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব খান ও শবনম বুবলীর অভিনয়ে সে সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়।
নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছে তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন যাত্রার স্বপ্ন দেখছেন এই নির্মাতা।


