বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ তার সুঠাম দেহ, ফিটনেস এবং দুর্দান্ত নাচের জন্য তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্দার এই অ্যাকশন হিরো ১০ তলা উঁচু দালান থেকে ঝাঁপ দেওয়া কিংবা শূন্যে ভাসা কঠিন সব সামারসল্ট করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। পর্দায় তাকে সবসময় অকুতোভয় মনে হলেও, বাস্তবে একটি বিশেষ কাজ করতে গিয়ে এই নায়কেরও হৃদস্পন্দন বেড়ে যায় এবং চরম আতঙ্কে ভোগেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার অকপটে স্বীকার করেছেন তার বিমানযাত্রার প্রতি ভীতি বা ‘ফ্লাইট ফোবিয়া’র কথা। তিনি জানান, কয়েক বছর আগে মাঝ-আকাশে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর থেকেই তার মধ্যে এই ভীতির সঞ্চার হয়। বিষয়টি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিমানে ওঠার ১০ দিন আগে থেকেই তার বুক কাঁপতে শুরু করে এবং মানসিকভাবে তিনি অস্থির হয়ে পড়েন।
টাইগার বলেন, “অদ্ভুত ব্যাপার হলো— আপনি আমাকে সবচেয়ে কঠিন স্টান্টটি করতে বলতে পারেন, এমনকি গ্র্যান্ড হায়াতের ছাদ থেকে সুইমিংপুলে ঝাঁপ দিতে বললেও আমি দুবার না ভেবেই তা করতে পারি। কিন্তু বিমানযাত্রার কথা ভাবলেই আমার ভয় লাগে।” তবে এই ভীতি কাটিয়ে উঠতে তিনি বর্তমানে থেরাপি নিচ্ছেন এবং দ্রুত নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।বাংলাফ্লো/এফআইআর






