বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: স্বার্থের সংঘাত এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের জোরালো দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ দাবি জানান। একই সঙ্গে নতুন সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংস্কার নিয়ে একগুচ্ছ সুপারিশও তুলে ধরেছে সংস্থাটি।
গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। টিআইবি বলছে, নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের কারণে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা ক্ষুণ্ণ হতে পারে। তাই এই নিয়োগ বাতিল করে দক্ষ, পরীক্ষিত এবং স্বার্থের দ্বন্দ্বমুক্ত কাউকে নিয়োগের দাবি জানানো হয়েছে।
ক্ষমতাসীন দলের নেতাকর্মী, আমলা ও ব্যবসায়ীদের মধ্যে গড়ে ওঠা ‘এবার আমাদের পালা’ বা দখলদারিত্বের সংস্কৃতি কঠোরভাবে দমনের আহ্বান জানানো হয়েছে। দলের শীর্ষ পর্যায় থেকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি নিশ্চিত করতে হবে।
বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর ওপর ভিত্তি করে সুশাসন প্রতিষ্ঠায় একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়নের পরামর্শ দিয়েছে টিআইবি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত কোন অধ্যাদেশগুলো ত্রয়োদশ সংসদে উঠবে, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিত হয়ে প্রকাশের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫’ বাতিলের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ডিজিএফআই (DGFI), এসবি (SB), ডিবি (DB) ও এনএসআই (NSI)-এর মতো সংস্থাগুলোর ব্যাপক সংস্কার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে টিআইবি।
বাংলাফ্লো/এফআইআর






