লেখক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকারের দায়িত্ব সময়মত একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন।
আজ শনিবার (১৮ অক্টোবর) জুলাই সনদসহ সমসাময়িক বিষয়ে চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ জনগণের মুক্তির সংগ্রাম, তাই এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরতেই হবে।
তিনি বলেন, সময়মতো ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া দরকার। জনগণই নির্ধারন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে।
বাম চারটি দল সনদে সই না করা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের চারটি মূলনীতি হঠাৎ করেই আসেনি, এর পেছনে দীর্ঘ-ধারাবাহিক সংগ্রামের ইতিহাস রয়েছে।
প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রক্ষমতা জনগনের হাতে না থাকলে স্বৈরাচার সৃষ্টি হয়।


