বাংলাফ্লো প্রতিনিধি
পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে তিন দিন— মোট ৯ দিন এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে বলেন, “এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন।”
তিনি আরও জানান, বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো। তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।”
নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।”
জুলাই গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। …এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।”
বাংলাফ্লো/এফআইআর






