ফাঁসির রায় মাইলফলক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত—সালাহউদ্দিন আহমদ
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডের রায় প্রদানের ঘটনায় ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই রায়কে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন।
‘ফ্যাসিবাদ কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য’: সালাহউদ্দিন আহমদ বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, “ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে গুম, খুন ও অপশাসন এবং বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট না হলেও, রায়টি ভবিষ্যতের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।
বিএনপির এই নেতা বলেন, এই রায়টি এমন একটি উদাহরণ, যা নিশ্চিত করবে যে, “ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, নিজে ফ্যাসিস্ট না হয় এবং কেউ যেন একনায়ক না হয়।” তিনি আশা প্রকাশ করে বলেন, আরও যেসব মামলা রয়েছে, সেগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
উল্লেখ্য, এই আলোচনা সভাটি ঢাবি’র সাদা দল ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর, একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক বিষয়ে আয়োজন করেছিল।
বাংলাফ্লো/এফআইআর






