প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর টুর্নামেন্টে অংশ নেবে বাংলার মেয়েরা। এর আগে প্রস্তুতির অংশ হিবেবে থাইল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা। থাইল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য লাল সবুজের মেয়েদের।
থাইল্যান্ডে আগামী ২৪ ও ২৭ অক্টোবর ফিফা প্রীতি ম্যাচ দুটি গড়াবে। তার আগে মঙ্গলবার রাতে সেখানে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার প্রথমদিনের অনুশীলন সেরে নিয়েছে মেয়েরা। পরে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার জানান লক্ষ্যের কথা।
বলেছেন, ‘গতকাল রাতে আমরা খুব ভালোভাবে থাইল্যান্ড এসে পৌঁছেছি। আজকে থাইল্যান্ডে আসার পর প্রথম দিন ট্রেনিং করেছি। যারা ভুটানে ছিল তাদের আজকে টিমের সাথে অনুশীলন করেছে। আশা করছি দলের সবাই ভালো আছে, সুস্থ আছে।’
‘টিমে যেহেতু সবাই সুস্থ আছে এবং ভুটানে যারা ছিল সবাইকে পেয়েছি। সবকিছু ঠিক আছে। আশা করছি থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে পারবো। যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুইটা ম্যাচই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরুটা ভালো করতে চাচ্ছি।’
‘থাইল্যান্ড যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। আমরাও চেষ্টা করবো, আমাদের র্যাঙ্কিং আরও এগিয়ে আনতে। আশা করছি আমাদের শুরুটা ভালো হবে।’- যোগ করেন মাহমুদা।


