বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রচলিত রাজনৈতিক প্রচারণার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনদুর্ভোগ এড়াতে তিনি মাইকিং, শোডাউন কিংবা অতিরিক্ত পোস্টারিং পরিহার করে শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকনগর বিশ্বরোড এলাকায় অলিতে-গলিতে ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়েছেন। তিনি বলেন, শহরকে ব্যানারে ছেয়ে ফেলা বা শব্দদূষণ করা জনসেবার অংশ হতে পারে না।
ডা. জারা নির্বাচিত হলে তিতাস গ্যাস ও অন্যান্য সেবা সংস্থার স্বেচ্ছাচারিতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ বা ‘সেবা নেই, বিল নেই’ আইনের খসড়া প্রস্তাব করার অঙ্গীকার করেন। তার মতে, তিতাস যদি গ্যাস দিতে না পারে তবে গ্রাহক কেন বিল দেবে? সরকার পাইপলাইনে গ্যাস দিতে ব্যর্থ হলে ভর্তুকি মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে কঠোর হতে হবে। এছাড়া তিনি সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাসকে জবাবদিহিতার আওতায় এনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পার্কের পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পেশাজীবী থেকে রাজনীতিতে আসা এই চিকিৎসক জানান, নারী প্রার্থী হওয়ায় নারীরা তাকে নিজেদের লোক মনে করে মন খুলে সমস্যার কথা বলছেন। তবে সাইবার বুলিংকে নারী রাজনীতিকদের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত কাদা-ছোড়াছুড়ির পরিবর্তে যোগ্যতা ও ভিশন দিয়ে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।বাংলাফ্লো/এফআইআর





