স্পোর্টস ডেস্ক
ঢাকা: ম্যাচ শুরুর আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে দেখা গিয়েছিল এক হৃদ্যতাপূর্ণ দৃশ্য—সতীর্থ তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের। বিদেশ বিভুঁইয়ে দুই বাংলাদেশি তারকার এই পুনর্মিলনী মাঠে গড়াতেই রূপ নিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে। সেই ‘দেশি’ লড়াইয়ে শেষ হাসি হাসলেন মোস্তাফিজুর রহমান। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস।
শারজাহর হয়ে বল হাতে এদিন জ্বলে উঠেছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ৪০ রান খরচ করলেও তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। ওপেনার সেদিকুল্লাহ আতাল (৬৬), জর্ডান কক্স (২৮) এবং প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকাকে সাজঘরে ফেরান তিনি। এটি শারজাহর হয়ে খেলা তিন ম্যাচের মধ্যে তাসকিনের সেরা বোলিং ফিগার। তবে তার এই পারফরম্যান্স দলের হার এড়াতে পারেনি।
১৮১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা শারজাহকে শুরুতেই চাপে ফেলেন মোস্তাফিজ। বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় বলেই তিনি ফেরান তাসকিনের বদলি ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নামা জনসন চার্লসকে। এরপর শেষ দিকে আদিল রশিদকেও আউট করেন তিনি। মাত্র ২ ওভার বল করে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ‘দ্য ফিজ’। তার দল শারজাহকে ১১৭ রানে অলআউট করে টানা দুই হারের পর জয়ের মুখ দেখে।
দুই বাংলাদেশির লড়াই ছাপিয়ে ম্যাচের আসল নায়ক হয়ে ওঠেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতেও নেন ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যেই সহজ জয় পায় দুবাই।
বাংলাফ্লো/এফআইআর






