দেশের বর্তমান প্রেক্ষাপটে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার স্ত্রী-কন্যা বা পরিবারের অন্য সদস্যদের রাজনীতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (৬ অক্টোবর) সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে খালেদা জিয়া সরাসরি নির্বাচনে অংশ নেবেন কি না— এই বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা অনেকাংশেই নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার ওপর।
খালেদা জিয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের (খালেদা জিয়ার) কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতিটি সংগ্রামে অবদান রেখেছেন। যতবার গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, প্রতিবার তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি অসুস্থ। মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল তাকে, চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, আর বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশিত যে নির্বাচনটি আসছে, সেখানে যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তিনি নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন।
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব থাকবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, একজন চিকিৎসকের সন্তান চিকিৎসক হতে পারে, ভালোও করতে পারে আবার নাও পারে। রাজনীতিতেও অনেকে পরিবারের উত্তরসূরি হয়ে এসেছেন, কেউ ভালো করেছেন, কেউ পারেননি। আমার জীবনের প্রতিটি ধাপে আমি নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, জেল-জুলুমের মধ্য দিয়ে গিয়েছি। এসবের মুখোমুখি হয়েও আমি টিকে আছি। রাজনীতি পরিবারকরণ নয়, এটি সমর্থনের ভিত্তিতে হয়। যে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে, দলকে ঐক্যবদ্ধ করতে পারবে, তিনিই সামনে এগিয়ে যাবেন। না পারলে পারবেন না। সময় ও পরিস্থিতি সেটি প্রমাণ করে দেবে।
তারেক রহমানের স্ত্রী, কন্যা বা পরিবারের অন্য সদস্যরা ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন কি না—এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, আমি ওই যে বললাম, সময় ও পরিস্থিতি বলে দেবে সেটা।


