জেলা প্রতিনিধি
মৌলভীবাজার: প্রতিপক্ষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক ব্যাঙ্গাত্মক অনুরোধ জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণ তাদের ওপর ক্ষিপ্ত। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করব—তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দিন।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ওই দলটি মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ তা বুঝতে পেরেছে। বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন, তার চেয়ে ওদের নিরাপত্তা তিনগুণ বাড়িয়ে দিন। কারণ জনগণ তাদের ওপর ক্ষিপ্ত।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘দেশকে বাঁচাতে হলে আমাদের জয়ী হতে হবে। বহু মানুষ গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। গণতন্ত্রের সূচনা এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষেই সিল মারতে হবে।’
বিগত সময়ে বিএনপির শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সাক্ষী, যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। তখন কাউকে গুম বা খুনের শিকার হতে হয়নি। স্থানীয় সরকার নির্বাচনগুলোও তখন সুষ্ঠু হয়েছে।’ দেশ পুনর্গঠনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বাংলাফ্লো/এফআইআর






