বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি হাদিকে ‘সাহসী রাজনৈতিক কর্মী’ ও ‘নির্ভীক কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন।
তারেক রহমান তার স্ট্যাটাসে লিখেন, “আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। তার এই অকাল ‘শহীদি মৃত্যু’ আবারও মনে করিয়ে দিল—রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর হাদি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, “দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” তিনি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে এমন ঘটনা আর বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাফ্লো/এফআইআর






