বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি নিজেকে ‘এই এলাকার সন্তান’ হিসেবে উল্লেখ করে ভোটারদের সমর্থন কামনা করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পর ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। আবেগময় বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এখানে বড় হয়েছি, আমাদের বিয়ে এবং সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে।’’ তাই মা-বোন ও ভাইদের কাছে ঘরের ছেলে হিসেবে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।
জনদুর্ভোগ এড়াতে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান ঢাকাকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যেখানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং ব্যবসায়ীরা নিরাপদে বাণিজ্য করতে পারবেন। তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি নতুন খেলার মাঠ তৈরি করা হবে। এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকারও করেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর






