বিনোদন ডেস্ক
ঢাকা: ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। সম্প্রতি টানা তৃতীয়বারের মতো তার মাথায় ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’ এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কালক্ষেপণ না করে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
এরপর গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। গত ১ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে নিজেকে সাহস দিয়েই নিজের এই কঠিন লড়াইয়ের কথা ভক্তদের জানান এই লড়াকু অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ






