বিনোদন ডেস্ক
ঢাকা: ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর বর্তমানে নিজের বাসায় বিশ্রামে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বুধবার (৪ মার্চ) এক ফেসবুক লাইভে এসে ভক্তদের নিজের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন তিনি। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার আকুলতা ও আশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে তানিয়া জানান, আল্লাহর রহমতে তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং তাঁর কোনো শারীরিক ব্যথা নেই। সাধারণত ব্রেন টিউমারের মতো জটিল অস্ত্রোপচারে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগলেও, তাঁর ক্ষেত্রে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাঁর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর তিন দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। জ্ঞান ফেরার পর চোখ খুলেই তিনি মাকে খুঁজছিলেন এবং ডাক্তারকে জানিয়েছিলেন যে তিনি ঠিক আছেন।
অসুস্থতার কারণে বাধ্য হয়েই শুটিং থেকে দূরে থাকতে হয়েছে, ফলে এবারের ঈদে তাঁর কাজ অনেকটাই কম হয়েছে। তবে ভক্তদের কাছে দোয়া চেয়ে তানিয়া বলেছেন, ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবারও শুটিংয়ে ফিরবেন।
অস্ত্রোপচার এবং নিয়মিত কড়া ডোজের ওষুধ সেবনের কারণে তাঁর ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হওয়ার পর আবারও জিমে গিয়ে নিজেকে আগের মতো ‘ফিট’ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ






