বিনোদন ডেস্ক
ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। দীর্ঘ ব্যক্তিগত সংগ্রাম ও মনের ভেতর লুকিয়ে থাকা বিষণ্ণতা নিয়ে খোলাখুলি কথা বলার পাশাপাশি, সব বাধা পেরিয়ে নিজের কাছে নিজে সবসময় হাসিখুশি ও সুখী থাকার এক দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই তারকা।
সুনেরাহ তার পোস্টে জানান, সম্প্রতি আয়নায় নিজের দিকে তাকিয়ে তিনি এমন কিছু দেখেছেন যা তার একদমই ভালো লাগেনি। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মনের ভেতর বিষণ্ণতা, অসহায়ত্ব বা শোকের মতো এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, মনে হচ্ছিল কোনো কিছুই যেন ঠিকঠাক নেই।
নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে প্রতিদিন নিজের ওপর কাজ করেছেন জানিয়ে সুনেরাহ লেখেন, জীবনের অনেক কঠিন পথ তিনি একাই পাড়ি দিয়েছেন। এসব ব্যক্তিগত সংগ্রাম নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। তবে নিজের এই কঠোর পরিশ্রমকে তিনি কোনোভাবেই বৃথা যেতে দিতে চান না।
সব ধরনের হতাশা ও নেতিবাচকতা দূরে সরিয়ে সুনেরাহ দৃঢ়তার সঙ্গে জানান, তিনি হাসবেন এবং খুশি থাকবেন, কারণ এই হাসিটাই তার সাথে সবচেয়ে বেশি মানায়। তিনি সুখ এবং উন্নত জীবন পছন্দ করেন; তাই কোনো কিছু বা অন্য কাউকে নিজের এই সুখ কেড়ে নিতে দেবেন না—এটিই নিজের কাছে তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি।
বাংলাফ্লো/এম এইচ এইচ






