ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে ছাত্ররা
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুলডোজার নিয়ে যেতে চাওয়া একদল শিক্ষার্থী ও জনতার মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
বুলডোজার নিয়ে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাঁদেরকে থামিয়ে দেয়। এই সময় ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ দ্রুত পাল্টা ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির কিছু অংশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা কয়েক দফায় ভেঙে দিয়েছিল। এই নতুন করে বুলডোজার নিয়ে হামলার চেষ্টা এমন এক দিনে ঘটল, যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকাসহ ধানমন্ডি ৩২ নম্বরেও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






