আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে এই ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে, যার ফলে উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ তীব্র কম্পন অনুভব করেন। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) উভয়েই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে উল্লেখ করেছে, যদিও প্রাথমিক তথ্যে মাত্রা ৬ দশমিক ৩ বলা হয়েছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্পে ব্যাপক হতাহতের সম্ভাবনা কম। তবে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন। সেই কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে, বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
বাংলাফ্লো/এফআইআর






