বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির লড়াই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।বাংলাফ্লো/এফআইআর






