বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ (১১ ফেব্রুয়ারি, বুধবার) থেকে সারা দেশে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে টানা চার দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা পাঁচ দিন।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে আগেই প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা।
অন্যদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের কারণে আজ ও আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব শপিং মল, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাফ্লো/এফআইআর






