বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার পর, তাঁর সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সদস্যরা ডিউটি শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হাসপাতালে তাঁর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হলো।
এর আগে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মর্যাদা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনাসহ নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






