স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে—এমন দাবি তুলে টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি আগামীকাল (শুক্রবার) কিংবা সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে। সালমান-বাবরদের খেলা দোলাচালে থাকলেও, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হতে যাচ্ছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে জানিয়েছেন, টুর্নামেন্টটি নির্বিঘ্নে আয়োজনকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই সব অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন থাকবে।
এদিকে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে ডেকেছে। এই পুরো সময়জুড়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কলম্বো আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না উল্লেখ করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে এএফপিকে বলেন, ‘আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না কলম্বো। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ চলছে, সে বিষয়ে আমরা নিরপেক্ষ থাকছি। এই তিন দেশই আমাদের বন্ধুপ্রতিম। তবে অনুরোধ জানানো হলে ভবিষ্যতে যেকোনো দেশের জন্যই শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।’
বাংলাফ্লো/এফআইআর






